অবশেষে অপেক্ষার অবসান। সব হিসাব-নিকাশের পর নিশ্চিত হলো বাংলাদেশের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি বিশ্বমঞ্চে পা রাখল টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয় এনে দিল সেই সুখবর।
তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। একইসাথে তাদের এই জয় পরিষ্কার করে দিয়েছে বিশ্বকাপের সরাসরি টিকিটের হিসাবও।
আর তাতেই নবম দল হিসেবে বিশ্বকাপে খেলার জায়গা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে অন্যদিকে এবারের আসরেও সরাসরি খেলা হচ্ছে না দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। বাছাইপর্ব পেরোতে হবে তাদের।
আগামী ৩০ সেপ্টেম্বরের কাট-অফের পর র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থাকায় নবম র্যাঙ্কিংয়ের দলও পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট। সেই জায়গাটিই এখন বাংলাদেশের দখলে।
ফলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার সাথে বিশ্বকাপে নাম লেখালো বাংলাদেশ। আরেক স্বাগতিক দেশ জিম্বাবুয়েও আছে তালিকায়।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেখানে বিশ্বসেরার লড়াইয়ে নামার প্রস্তুতির জন্য এখন থেকেই পরিকল্পনা সাজাতে পারবে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য সুখবর হলেও ক্যারিবীয়দের জন্য এটি বড় দুঃসংবাদ। র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে
টানা তৃতীয়বার বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে।
২০২৩ বিশ্বকাপেও সরাসরি জায়গা করে নিতে পারেনি দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইপর্বে খেলেও সুপার সিক্সে পঞ্চম হয়ে মূল আসর থেকে ছিটকে যায় তারা। এবারো তাদের সামনে সেই কঠিন পথ।