চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ৯০ কিলোমিটার দীর্ঘ নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম এবং অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর অব্যাহত ভাঙনে আলাতুলি এলাকার ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হওয়ার ঝুঁকিতে ছিল। এ প্রকল্পের মাধ্যমে ২ দশমিক ৯০ কিলোমিটার তীর সংরক্ষণ করা হলে স্থানীয় মানুষের জানমাল ও কৃষিজমি রক্ষার পাশাপাশি এলাকায় টেকসই নদী ব্যবস্থাপনা নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, “পদ্মা নদীর ভাঙন থেকে আলাতুলি এলাকার মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এ প্রকল্পের গুরুত্ব অপরিসীম। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে এবং কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস বরদাশত করা হবে না।”
তিনি নদীভাঙনের স্থায়ী সমাধানে একটি টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি চরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বলেন, চাঁপাইনবাবগঞ্জের চর ও দিয়াড় অঞ্চলের অবহেলিত সাতটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন।