নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
পেট্রল পাম্পের ম্যানেজার করিম বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এ ঘটনায় মামলা করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সাথে যুক্ত তাসীন আক্তার হক। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।
পেট্রল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী, ডিএল পেট্রল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেয়ার জন্য নেয়া হতো। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসাথে ব্যাংকে জমা দেয়া হয়। ফলে রোববার তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেয়া হয়।
গত রোববারও নিয়ম অনুযায়ী পেট্রল পাম্পের টাকা ব্যাংকে জমা দিতে নেয়া হচ্ছিল। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গাড়িটির গতিরোধ করেন। পরে তারা গাড়িতে ধাক্কা দেন এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার পর টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান। মামলায় ছিনতাই হওয়া টাকার পরিমাণ এক কোটি ২১ লাখ ২৫ হাজার বলে উল্লেখ করা হয়েছে।
এখন পর্যন্ত ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট তদন্ত করছে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক আহমেদ বেগ বলেন, এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তবে আমাদের একাধিক ইউনিট কাজ করছে। আশা করি শিগগির আসামি গ্রেফতার ও রহস্য উন্মোচন হবে।