ইবি প্রতিনিধি
জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব না হলে এবং অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে নেপথ্য থেকে আবারো ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভিসি বলেন, ‘জুলাই আন্দোলনের ভয়াবহতা আমাদের ভোলা উচিত নয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়া সহজ ছিল না। জীবনকে তুচ্ছ করে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল। আন্দোলনের অগ্রভাগে শিক্ষার্থীরা থাকলেও নেপথ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের ছাত্রসংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
তিনি বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। আজও সেই ঐক্য অটুট রাখতে হবে। ফ্যাসিস্টরা বিভিন্ন রূপে দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশের চেষ্টা করছে। শুধু আবেগ দিয়ে নয়, ঐক্যবদ্ধ থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুস শাহীদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: মনজুরুল হক।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব, সাদা দল, গ্রীন ফোরাম এবং কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
ছাত্রসংগঠনগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতারা বক্তব্য রাখেন।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল হোসেন।
সভায় জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, জুলাই গণ-অভ্যুত্থানের ভিডিওচিত্র প্রদর্শন এবং শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।