রাজশাহী ব্যুরো
দায়িত্ব পালন করতে গিয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, সরকারি দায়িত্ব পালনরত রেলকর্মীদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরাসরি বাধা দেয়ার শামিল।
সোমবার দুপুরের দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একই দাবিতে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রেলভবনে গিয়ে শেষ হয়।
গত ৭ আগস্ট ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসে টিকিটবিহীন কয়েকজন যাত্রীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। রেলওয়ে সূত্র ও আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী, ওই যাত্রীরা টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণ করছিলেন। নিয়মানুযায়ী তাদের কাছ থেকে ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে যাওয়ার জন্য অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে রেলকর্মীদের সাথে দুর্ব্যবহার করেন এবং হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। এ সময় যাত্রীদের সাথে থাকা কয়েকজনের সাথে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরোধের একপর্যায়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভূঁইয়া ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এএসআই ফজলুর রহমানকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
মানববন্ধনে বক্তারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন যাত্রীসেবা ও সরকারি দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের সময় তাদের ওপর হামলা হলে কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে। একই সাথে এ ধরনের ঘটনা রেলসেবার স্বাভাবিক কার্যক্রমকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া জরুরি।
তারা আরো বলেন, রেলওয়ের নিয়মানুযায়ী টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা আদায় করা দায়িত্বেরই অংশ। এ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী হামলার শিকার হলে ভবিষ্যতে অন্যরাও দায়িত্ব পালনে ঝুঁকির মধ্যে পড়বেন। তাই হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ট্রেন ও স্টেশনে রেলকর্মীদের নিরাপত্তা জোরদার করতে হবে।
মানববন্ধনে পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার মো: আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার (রাজস্ব) মো: মোস্তাফিজুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো: আমিনুল ইসলাম, রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো: জিয়াউল আহসান, সিনিয়র লোকো মাস্টার মো: আমিনুল ইসলাম, সিনিয়র টিটিই মো: গোলাম মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।