সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও বাজারের শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচিত হলে সেই নেতৃত্ব থেকে ইতিবাচক ফল পাওয়া যায়। বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃত্বও গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের কল্যাণে সফলভাবে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সোমবার (১০ আগস্ট) রাতে সিলেটের বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, মদীনা মার্কেট সিলেট নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানকার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। নগরীর ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরো উন্নত করতে ব্যবসায়ী সমাজের সহযোগিতাও প্রয়োজন।
তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসায়ীদের আস্থা ও ভোটে তারা নির্বাচিত হয়েছেন। তাই তাদের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মদীনা মার্কেট এলাকায় একটি পাবলিক টয়লেট স্থাপন এবং ব্যবসায়ী ও পথচারীদের চলাচলের সুবিধার্থে জেব্রা ক্রসিংসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘদিন পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সর্বস্তরে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির সভাপতি খলিলুর রহমান খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব এমদাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল।
এ ছাড়া শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হোমায়দি, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলীম উদ্দিন, নবনির্বাচিত সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আজাদ রহমানসহ অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমরুল হাসান জাফরী। পরে নবনির্বাচিত সভাপতি আমির হোসেন, সিনিয়র সহসভাপতি জুবের আহমদ, সহসভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ রহমানসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান অ্যাডভোকেট আলীম উদ্দিন।