গুমের শিকার হওয়া রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান সোহেলের ছেলে মো: সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

শিহাবের এই সাফল্যে গভীর সহানুভূতি ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা ও উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শিহাবের অসাধারণ ফলাফলের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপহারসামগ্রী পৌঁছে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজারে শিহাবের বাসায় যায়। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে একগুচ্ছ ফুল, মিষ্টি ও অনুপ্রেরণামূলক গল্পের বই তুলে দেন প্রতিনিধিদলের সদস্যরা।

একইসাথে শিহাবের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তাও পৌঁছে দেয়া হয়।

উপহার হস্তান্তরের সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ বাবার স্মৃতি ও চরম অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠেও শিহাবের এই ফলাফল পরিবার ও স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে। বাসস